অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘যে সংস্কারগুলো না করলেই নয়, নির্বাচনের পূর্বে আমরা সে সংস্কারগুলো করব। হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, যে প্রতিষ্ঠানগুলো হাসিনাকে টিকিয়ে রেখেছে, সেগুলোকে একইভাবে রেখে আমরা নির্বাচন দিতে পারি না।’

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুর রামগঞ্জ সরকারি মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এ প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদের যে দালালগুলো আছে তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করেই নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সেনা শাসন আসার কোনো সুযোগ নেই। আমরা কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা ছাত্র-জনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই। আমরা নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। আমরা কারো কাছে আর মাথানত করব না।’

রাজনৈতিক দলের উদ্দেশে মাহফুজ আলম বলেন, ‘ওয়ান-ইলেভেন নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই। আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদবিরোধী শক্তি আছি, ঐক্যবদ্ধ হই। সরকারকে সংস্কারগুলোর জন্য সহযোগিতা করি। এ প্রতিষ্ঠানগুলো যদি সংস্কার হয়, তাহলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে।’

রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য আমিনুল ইসলাম মুকুল, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোওয়ারী, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি জাকির হোসেন ও উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লাসহ অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।