বগুড়ার ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ধুনট সদর ইউনিয়ন পরিষদ চত্বর ও ধুনট বাসস্ট্যান্ড এলাকায় কয়েক দফা সংঘর্ষে প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

জানা গেছে, ধুনট উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও গ্রুপিং চলে আসছে। এ দ্বন্দ্বের জের ধরে দুটি দলে বিভক্ত হয়ে যান নেতাকর্মীরা। ফলে উপজেলা আওয়ামী লীগ এখন দুটি কমিটি দিয়ে পরিচালিত হয়ে আসছে। এক কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। অন্য কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মহসীন আলম। ওই দুটি কমিটির নেতারা পৃথকভাবে ১০টি ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন করেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বেলা ১১টায় ধুনট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ৫, ৬, ৭, ৮, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করেন নূরুন্নবী তারিক ও আব্দুল হাই খোকন। বেলা ১১টার দিকে মাটিকোড়া স্কুল থেকে মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদে আয়োজিত তারিক গ্রুপের সম্মেলনস্থলে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাংচুর এবং কয়েক নেতাকর্মীকে আহত করে চলে যায় গোলাম সোবাহান-মহসীন গ্রুপ। খবর পেয়ে ধুনটের ইউএনও সঞ্জয় কুমার মহন্ত ও ওসি কৃপা সিন্ধুর নেতৃত্বে পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় নূরুন্নবী তারিকের বাসার সামনে আবারো দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের প্রায় ২০-২৫ জন নেতাকর্মী আহত হন। এছাড়া কয়েকটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়।