রফতানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য বুথ ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির।

আজ সোমবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) ‘১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো’ ও ‘৩০তম চায়না-কুনমিং আমদানি-রফতানি মেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, দেশের রফতানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান গুরুত্বপূর্ণ। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা আন্তর্জাতিক মেলায় অংশ নিতে পারেন না। এ বাধা দূর করে তাদের পণ্য বিশ্ববাজারে পরিচিত করতে বুথ ভাড়া মওকুফ করা হবে।

তিনি বলেন, সরকার ব্যবসা-বাণিজ্য সহজীকরণে কাজ করছে। ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ঘরে বসেই অনলাইনে ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

এ সময় বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং বাংলাদেশ ফুটওয়্যার ও লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি মো. নাসির খান বক্তব্য দেন। অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তারা কুনমিং মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটারের মোড়ক উন্মোচন করেন।