জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শুক্রবার বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হাকিমের নেতৃত্বে বরিশাল কর কমিশনারের কার্যালয়ের সামনে এ স্মারকলিপি দেয়া হয়। এ সময় এনবিআর চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান শ্রমিক নেতারা।
এনবিআর চেয়ারম্যানকে দেয়া স্মারকলিপিতে আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানো, বিড়ির ওপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স না দেয়া, কাস্টমস কর্তৃপক্ষকে আইনি প্রক্রিয়ায় নকল বিড়ি বন্ধে পদক্ষেপ নেয়া ও বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিক এবং মালিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়।










