বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতারিকারক সমিতির (বিজিএমইএ) ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুমোদনের পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়। একই সঙ্গে নতুন অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ দেয়া হয়। আজ শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান।
সভায় বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি ও পরিচালকরা, সাবেক সভাপতি, সাবেক সহসভাপতি ও পরিচালক, জয়নুল আবেদীন ফারুক, বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সদস্য এবং সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদনের পর ওই অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ দেয়া হয়।
সভায় বক্তব্যে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি গত এক বছরে তার নেতৃত্বাধীন পর্ষদের নেয়া বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়েও বিস্তারিত জানান।
এ সময় বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান সংগঠনের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
সভায় পোশাক শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।
অনুষ্ঠানের শেষ দিকে বর্তমান পরিচালনা পর্ষদের সফল এক বছর পূর্তি উপলক্ষে সিলভার ক্লাব লিমিটেড, ঢাকা বিজিএমইএকে অভিনন্দন জানিয়ে একটি কেক উপহার দেয়। পরে বিজিএমইএর নেতাদের উপস্থিতিতে কেক কেটে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।









