আওয়ামী লীগ সরকারের সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান নিষেধাজ্ঞার আবেদন করেন। আর শুনানিতে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর। পরে আদালত সাবেক মন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
মুজিবুল হক ছাড়াও ঢাকা রিজেন্সী হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন ও তার স্ত্রী জেবুন নেছাকেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মুজিবুল হকের আবেদনে বলা হয়েছে, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি তার পদ ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
আবেদনে আরো বলা হয়েছে, বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যানুযায়ী, দেশের বর্তমান বাস্তবতায় মজিবুল হক দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মুজিবুল হকের বিদেশ গমন রহিত করা আবশ্যক।
এদিকে মুসলেহ উদ্দিন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের করা আবেদনে বলা হয়েছে, মুসলেহ উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান কার্য পরিচালনা করতে দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মেফতাহুল জান্নাতকে দলনেতা ও সহকারী উপপরিচালক আবদুল্লাহ আল মামুনকে সদস্য করে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, মুসলেহ উদ্দিন স্বপরিবারে দেশত্যাগের চেষ্টা করছেন। আদালতের অনুমোদনের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে তাদের দেশত্যাগ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।










