বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা ।
সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা আরো জোরদার করা এবং দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ উন্নয়নে যৌথ অঙ্গীকারের বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় জিয়াদ সাতারা বাংলাদেশে রবির কৌশলগত অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেন। তিনি টেকসই প্রবৃদ্ধি, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং দেশের সামগ্রিক জাতীয় উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে রবির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বিডার নির্বাহী চেয়ারম্যানের অব্যাহত সহায়তা ও গঠনমূলক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে উপস্থিত ছিলেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের ডিরেক্টর শরীফ শাহ জামাল রাজ।










