চীনে বাংলাদেশের রফতানি বৃদ্ধি ও সম্ভাবনাকে কাজে লাগাতে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ইউনান প্রদেশের টোংদে কুনমিং প্লাজায় অনুষ্ঠিত মেকং-লানচাং ফল উৎসবে এ চুক্তি স্বাক্ষর হয়।
এ উৎসবে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিচ্ছে এবং কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে উপস্থাপন করছে। থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস ও মিয়ানমার দীর্ঘদিন ধরে একই ধরনের সহযোগিতা চুক্তির আওতায় এ উৎসবে অংশ নিচ্ছে।
বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ইপিবির মহাপরিচালক ও সরকারের যুগ্মসচিব বেবি রাণী কর্মকার। চীনের পক্ষে স্বাক্ষর করেন ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের উপ-মহাপরিচালক মা জুন। কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশের কনসাল জেনারেল মো. খালেদ, বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য কাউন্সিলর মো. জিয়াউর রহমান এবং কুনমিং কনসুলেটে বাণিজ্য বিভাগের প্রথম সচিব রিদওয়ান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও ফল উৎসবের উদ্বোধনী অনুষ্টানে ছিলেন।
এ সমঝোতা স্মারক বাংলাদেশের নতুন বাজার অনুসন্ধান ও রফতানি ভিত্তি বিস্তারের ক্ষেত্রে সরকারের ধারাবাহিক প্রতিশ্রুতির প্রতিফলন। চুক্তির মাধ্যমে বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো ইউনান প্রদেশে উল্লেখযোগ্য বাণিজ্য সুবিধা পাবে, যার মধ্যে রয়েছে—
১. ইউনানের নির্দিষ্ট এলাকায় সর্বোচ্চ ২ হাজার বর্গমিটার পর্যন্ত ভাড়ামুক্ত বন্ডেড গুদাম সুবিধা, যা সরবরাহ শৃঙ্খলার খরচ কমাবে এবং চীনা বাজারে প্রবেশ সহজ করবে।
২. সর্বোচ্চ ২ হাজার বর্গমিটার পর্যন্ত ভাড়া–মুক্ত অফলাইন প্রদর্শনী স্থান, যা বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর জন্য পণ্য প্রদর্শন ও আন্তসীমান্ত বাণিজ্য অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে।
৩. ইউনানের নির্দিষ্ট অনলাইন কমোডিটি সিটিতে বিনা খরচে অন্তর্ভুক্তি, যার মাধ্যমে একীভূত ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে বাংলাদেশি রফতানিকারকদের পণ্য প্রদর্শন ও বাণিজ্য পরিচালনার সুযোগ মিলবে।
৪. মার্কেট প্রোকিউরমেন্ট ট্রেডের ক্ষেত্রে লজিস্টিক খরচ হ্রাস ও মওকুফ, তাজা ও দ্রুত পচনশীল কৃষিপণ্যের জন্য দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স, যা সময়মতো সরবরাহ নিশ্চিত করবে ও ট্রেড খরচ কমাবে এবং বাংলাদেশী পণ্যের প্রতিযোগিতা বাড়াতে সুবিধাজনক এয়ার ফ্রেইট ও লজিস্টিক নীতি সহায়তা পাবে।
৫. লানচাং–মেকং ফল উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ এবং এমওইউ স্বাক্ষর দুটিই রফতানি বহুমুখীকরণ ও নতুন বাজার অনুসন্ধানে সরকারের অবিচল প্রচেষ্টাকে আরো উজ্জ্বল করে তুলেছে।
অন্যদিকে, লজিস্টিকস, প্রদর্শনী সুবিধা ও ডিজিটাল প্ল্যাটফর্মে স্বল্প খরচে প্রবেশাধিকার নিশ্চিত করে বাংলাদেশ তার প্রতিষ্ঠানগুলোকে চীনের গতিশীল ভোক্তা অর্থনীতিতে এবং ভবিষ্যতের বৃহত্তর বাজারে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইপিবি।










