মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে লাবলু আহমেদ (৪০) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার ( ৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাবলু কুস্তা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি ২০০৩ সালে ঘিওর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আজ ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিপক্ষের লোকজন ধারাল অস্ত্র নিয়ে লাবলুর ওপর হামলা চালায়। এতে লাবলু আহত হন। পরে তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা লাবলুকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে এক বিএনপি নেতা মারা গেছেন। কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’










