জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ম্যাথমেটিকসের (জুয়াম) নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিষেক অনুষ্ঠান সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।

জুয়ামের ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি গণিত বিভাগের ১০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোজাম্মেল ইসলাম চৌধুরী তসলিম ও সাধারণ সম্পাদক ১৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রেজাউল আলম রেজাসহ সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন বিদায়ী কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু নঈম শেখ বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন। এছাড়া জুয়ামের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ভবিষ্যতে বিভাগের শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য পদক ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জুয়ামের সাবেক সভাপতি ও গণিত বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী এ. এম জাহেরুল ইসলাম, জুয়ামের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জুয়ামের সহ-সভাপতি ও অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক রিফাত রহমান শামীম, পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোল্লা মোহাম্মদ আনিসুজ্জামান, গণিত বিভাগের অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম এবং জুয়াকের যুগ্ম সম্পাদক ও পুলিশ সুপার আনসার উদ্দিন শুভ প্রমুখ।

এরপর বিকালে জুয়ামের নতুন কমিটির অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।