গাজীপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া দিনাজপুর, কুড়িগ্রাম, চট্টগ্রাম, মাদারীপুর, গাইবান্ধা ও পাবনায় আরো সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
গাজীপুর: ঈদের ছুটি শেষে গতকাল বেলা ৩টার দিকে কয়েকজন সিএনজিচালিত অটোরিকশায় কর্মস্থলে ফিরছিলেন। অটোরিকশাটি কাপাসিয়া সদর ইউনিয়নের জামিরারচর এলাকায় পৌঁছলে কিশোরগঞ্জগামী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশার যাত্রী মো. তৌহিদুল্লাহ (২৫), আবুল কালাম (৫৫), তার স্ত্রী মোছা. তাছলিমা (৪৫), মেয়ে সুবর্ণা (২০), রত্না আক্তার (২৪) ও তার ছেলে শায়ান (৩) আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তৌহিদুল্লাহ ও শিশু শায়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রত্না আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মো. সাজু ইসলাম (৩৩) ও একই উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মোতালেব হোসেন (২৮)।
কুড়িগ্রাম: জেলার রাজারহাটে ট্রলিচাপায় মনিরুজ্জামান মুন্না (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে রাজারহাটের নাজিমখান বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচরা এলাকায় গাড়ির ধাক্কায় রিয়াদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদারীপুর: বাসের ধাক্কায় সরজ আলী (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালক বোরহান হাওলাদার। গতকাল ভোর ৫টার দিকে ঢাকা-বরিশাল মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বড় ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় তাওহিদ ইসলাম (২৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পাবনা: বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম (৪২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।










