রাজধানীর গুলশান দুই নাম্বার গোল চত্বরে গলায় ওড়না পেঁচিয়ে পাঠাও বাইক থেকে ছিটকে পড়ে ফারজানা আক্তার মিম (৩০) নামের এক নারী মারা গেছেন। নিহত ওই নারী গুলশান এলাকার একটি বিউটি পার্লারে কাজ করতেন বলে জানা গেছে।
রোববার (৬ এপ্রিল) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান । পরে উন্নত চিকিৎসার জন্য ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন নাদিয়া আক্তার জানান, তার বোন গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করতেন। গতরাতে কাজ শেষে মিম একটি পাঠাও বাইকে করে বাসায় ফেরার পথে হঠাৎ তার ওড়না অসাবধানতাবশত গলায় ও বাইকের চাকায় পেঁচিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তারা খবর পেয়ে আহত অবস্থায় মিমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় । তার বাবার নাম আব্দুল বক্কার। বাড্ডা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।










