বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাস সেরা খেলোয়াড় হওয়ার গৌরব বয়ে আনলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে মে মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন মুশফিকুর রহিম।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাইয়ের পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে আইসিসি। সেখানে সাকিব পুরুষ ক্যাটাগরিতে আর নারী ক্যাটাগরিতে ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন।
মূলত জিম্বাবুয়ে সফরের পারফরম্যান্সই সাকিবকে মাস সেরা স্বীকৃতি এনে দেয়। ওয়ানডে সিরিজে ১৪৫ রান ও আট উইকেটের পাশাপাশি টি২০ সিরিজে ৭ গড়ে রান দিয়ে নেন তিন উইকেট। এছাড়া একমাত্র টেস্টে ৫ উইকেট শিকার করেন তিনি, যার মধ্যে প্রথম ইনিংসে নেন ৮২ রানে ৪ উইকেট। ম্যাচটি বাংলাদেশ জিতে যায় ২২০ রানে।
এদিকে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুটি সিরিজে ব্যাট-বলে সমান পারঙ্গমতা দেখিয়ে আবারো আইসিসির শীর্ষ অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। এর আগে ২০১৭ সালের অক্টোবরে সর্বশেষ শীর্ষ টি২০ অলরাউন্ডার ছিলেন তিনি। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইসিসি।
টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিংয়ে এক নম্বরে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বোলিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।










