ডেনমার্ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাংলাদেশের সবুজ রূপান্তর ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে একটি চার বছরের কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম গবেষণা, সংলাপ ও নীতি সহায়তার মাধ্যমে অর্থনৈতিক সংস্কার ও সবুজ উন্নয়ন এজেন্ডাকে এগিয়ে নিতে কাজ করবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকায় সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ও বাংলাদেশের ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, সিপিডিকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে ডেনমার্কের এই সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। ২০১৯ সালেও ডেনমার্ক আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় অবদান রেখেছিল। বর্তমান কার্যক্রমটি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে এসেছে। এটি চলমান সংস্কার প্রক্রিয়াকে আরো সহজতর করবে।
রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, এখন প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ, সুশাসন ও কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার সময়। সিপিডি একটি স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সরকারের রূপান্তর প্রক্রিয়াকে নীতি-পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছে। আমরা আশা করি, এই উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন ও মধ্যম আয়ের ফাঁদ থেকে উত্তরণের পথ দেখাবে। পাশাপাশি বৈশ্বিক মূল্য শৃঙ্খলে শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে।
এই কার্যক্রম বিভিন্ন অংশীজন—নীতি নির্ধারক, ছাত্র, সরকারি কর্মকর্তা ও দায়িত্বশীল অন্যান্য পক্ষকে সম্পৃক্ত করার মাধ্যমে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে চায়। এটি দেশের উচ্চ উৎপাদনশীলতা, আয়ের বৈচিত্র্যকরণ ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।










