সুন্দরবনে অবৈধভাবে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ জেলে ও একজন বিষ বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৯ জুলাই) সকালে সুন্দরবনের সুন্দরতলা খাল এলাকায় মাছ ধরার সময় অভিযান চালিয়ে বিষ প্রয়োগে আহরিত বিভিন্ন প্রজাতির মাছ, জাল, নৌকাসহ ৬ জেলেকে আটক করে মোংলা থানা পুলিশ।  পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৈদ্যমারী বাজার থেকে আলামিন (৪০) নামের এক বিষ বিক্রেতাকে ২০ বোতল কীটনাশকসহ আটক করা হয়।

আজ দুপুরে মোংলা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল এসব তথ্য জানান। এসময় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আটক জেলেরা হলেন, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা এলাকার মৃত সুধির মন্ডলের ছেলে শিবপদ মন্ডল (৪২), মৃত নরেন রায়ের ছেলে গোবিন্দ রায় (৩৫), মো. আকবর আলি শেখের ছেলে মো. দুলাল শেখ (২৫), মৃত সুলতান ফকিরের ছেলে আরিজুল ফকির ( ৩৫), বিজয় রায়ের ছেলে সুব্রত রায় (২৫) ও আফজাল শেখের ছেলে আমিন শেখ (১৯)। বিষ বিক্রেতা আল আমিন সুন্দরবন ইউনিয়নের কাটাখালি এলাকার সুলতানের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল  বলেন, বর্তমানে সুন্দরবনে প্রবেশ ও সব খালে মাছ ধরা নিষেধ সত্ত্বেও কিছু অসাধু জেলে মাছ আহরণ করছে। নিয়মিত টহলের অংশ হিসেবে সুন্দরতলা এলাকায় অভিযান চালিয়ে আমরা মাছ আহরণের সময়ের ৬ জেলেকে আটক করি। তাদের দেয়া তথ্য অনুযায়ী বিষ বিক্রেতা আলআমিনকে আটক করা হয়। আল আমিনের দোকান থেকে লিডার, সুপারথ্রিন, সাইপারমেথিন এই চারটি গ্রুপের ২০ বোতল বিষ জব্দ করা হয়। জেলেদের কাছ থেকে বিষ দিয়ে শিকার করা ছয় ক্যারেট বিভিন্ন প্রজাতির চিংড়ি ও সাদা মাছ, বাঁধা জাল ও একটি ট্রলার জব্দ করা হয়েছে। 

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আগামীকাল বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।