সাড়ে চার বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবার ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। গতকাল সোমবার পাথর বোঝাই করা ২১টি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম পুনরায় শুরু হয়। ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি ও ওভারলোডিং বন্ধসহ নানা জটিলতার কারণে ২০২২ সাল হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়।

বন্দর সূত্রে জানা গেছে, মেসার্স ম্যাক্স ইনফ্রা ভারতের বিহারের পাকুর থেকে প্রায় এক হাজার মেট্রিক টন পাথর আমদানি করেছে। আজ মঙ্গলবার বিকাল পৌনে ৩টা পর্যন্ত আরো ছয় ট্রাক পাথর বন্দরে প্রবেশ করেছে। আমদানি করা পাথর ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণকাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ভারতের পাথর রফতানিকারক সাগর শেন বলেন, দীর্ঘদিন পর পাথর রফতানি পুনরায় শুরু করতে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়েছে। ভারতে সরাসরি ট্রাক চলাচল ও পরিবহন ভাড়া-সংক্রান্ত জটিলতা ছিল। এসব সমস্যা কাটিয়ে পাথর পাঠানো সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করছি।

পাথর আমদানিকারক আতিক হাসান রুবেল বলেন, বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন হিলি বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ ছিল। সোনামসজিদ ও ভোমরা স্থলবন্দরে তুলনামূলক কম খরচে এবং সহজে পণ্য ছাড় করা সম্ভব হওয়ায় আমদানিকারকেরা সেসব বন্দর ব্যবহার করেছেন। তবে চাহিদা বাড়লে হিলি বন্দর দিয়েও আবার নিয়মিত পাথর আমদানি করা হবে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসী পারভেজ বলেন, সোমবার বিকাল থেকে ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে এবং মঙ্গলবারও তা অব্যাহত রয়েছে। দ্রুত পরীক্ষা ও শুল্কায়ন সম্পন্ন করে আমদানিকারকদের কাছে পণ্য ছাড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।