যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন এসেছেন আরো ১৫১ জন বাংলাদেশী। আজ বুধবার (৬ নভেম্বর) ভোরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় স্কাই ভিশন এয়ারলাইনসের (এসভিআই-৫০০২) চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছেছেন।
এর আগে, মঙ্গলবার (৫ নভেম্বর) ইকে ৫৮৪ ফ্লাইটে বাংলাদেশ সরকারের অর্থায়নে আরো ৩২ বাংলাদেশী দেশে ফেরেন। এ নিয়ে এখন পর্যন্ত ৯টি ফ্লাইটে মোট ৫২১ জন বাংলাদেশী দেশে ফিরে এসেছেন।
বিমানবন্দরে প্রত্যাবাসিতদের অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার এবং আইওএমের কর্মকর্তারা। আইওএমের সৌজন্যে প্রত্যেক প্রত্যাবর্তনকারী খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাসহ পাঁচ হাজার টাকা পেয়েছেন।
এ সময় কর্মকর্তারা ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
উল্লেখ্য, এ যুদ্ধে এখন পর্যন্ত একজন বাংলাদেশীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।










