রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় তাকে উদ্ধারের পর রাতে অভিযান চালিয়ে দানপ্রিয় চাকমা (২৫) নামে একজনকে আটক করে যৌথ বাহিনী।
পুলিশ জানায়, দ্বীপিতা চাকমাকে অপহরণের পর মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় দানপ্রিয়। প্রাথমিকভাবে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, দ্বীপিতাকে উদ্ধারের পর রাতে দানপ্রিয় নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
দানপ্রিয় অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্ত চলছে। অপহরণে জড়িত অন্যদের আটকের চেষ্টা অব্যাহত আছে। গতকাল দানপ্রিয় চাকমাকে আদালতে হাজির করা হয়।
এর আগে বুধবার ঢাবির লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মারুফ হাসান রুমীর নেতৃত্বে ৩৪ শিক্ষার্থী সাজেকের পথে রওনা দেন। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সাজেকে শিজকছড়া নামক স্থানে শিক্ষার্থী বহনকারী গাড়ি যান্ত্রিক ত্রুটির কারণে থামলে হঠাৎ সেখানে ১০-১২ ব্যক্তি গাড়িতে কোনো পাহাড়ি শিক্ষার্থী আছে কিনা জিজ্ঞাসা করে। এ সময় তারা দ্বীপিতা চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে রাঙ্গামাটি পুলিশের একাধিক টিম। অপহরণের ৬ ঘণ্টা পর দ্বীপিতাকে সাজেক থানার দাড়িপাড়া বুনো আদম নামক স্থান থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করে সাজেক থানা পুলিশ।










