সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে আকবর হোসেন (৫০) নামের এক যু্বদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বড় সারুটিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আকবর হোসেন সারুটিয়া গ্রামের মজিবরের ছেলে। তিনি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমুল ইসলাম যুবদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে দায়ী করেছে। গতকাল দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন যুবদল নেতা আকবর হোসেনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে দুপুর ১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও প্রেমঘটিত কারণে আকবর হোসেন খুন হয়েছে। এর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত নয়। এ সময় সদর আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।