যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬০ হাজার ৯৫০ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি লোল্যান্ডস প্যাট্রাশ জাহাজ। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০১-এর আওতায় আমদানিকৃত এসব গম দেশে পৌঁঁছেছে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হচ্ছে। এরমধ্যে চলতি বছরের ২৫ অক্টোবর প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গম, ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন এবং ১৫ নভেম্বর তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন দেশে এসেছে। বর্তমান চালানটি চতুর্থ চালান।

চুক্তি অনুযায়ী ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টনের মধ্যে চারটি চালানে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ টন গম দেশে এসে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের ব্যবস্থা নেয়া হবে।