জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগে এসে জড়ো হতে শুরু করেছেন।
ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। তাদের অনেকে মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা বেঁধে রেখেছেন। সমাবেশ স্থলে এসেই অনেকে দলে দলে ভাগ হয়ে স্লোগান দিতে দেখা গেছে। শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কে মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ-কাটাবন ও মৎস্য ভবনের দিক থেকে শাহবাগমুখী রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এআর খান লিটন বলেন, সকাল থেকেই আমাদের নেতাকর্মীরা শাহবাগে জড় হচ্ছেন। নির্ধারিত সময় অনুযায়ী দুপুরে সমাবেশ শুরু হবে।
দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এবার সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা দলের চিহ্ন বহন না করার অনুরোধ জানানো হয়েছিল। সেই নির্দেশনা মেনে নেতাকর্মীরা সাধারণ পোশাকে, দলীয় পরিচয়বিহীন অবস্থায় শাহবাগ ও আশপাশের এলাকায় অবস্থান নিতে শুরু করেন।
সমাবেশ ঘিরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গতকাল রাতে একটি রোডম্যাপ প্রকাশ করে। তাতে উল্লেখ করা হয়, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইলের নেতাকর্মীরা শাহবাগ থেকে টিএসসি অভিমুখী রাস্তায় অবস্থান করবেন। অন্যদিকে টিএসসি থেকে শাহবাগগামী পথে থাকবে তিতুমীর, বাংলা ও তেজগাঁও কলেজের নেতাকর্মীরা। এছাড়া ঢাকা জেলা (উত্তর ও দক্ষিণ) ছাত্রদলের কর্মীরাও ওই অংশে অবস্থান নেবেন। অন্যান্য অঞ্চল থেকেও নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা যথাযথ স্থানে অবস্থান করছেন।
সমাবেশ ঘিরে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।










