মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় নিহতের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকায় আনোয়ার সিমেন্ট শিট ফ্যাক্টরির বিপরীত দিকে মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জিসান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামের আলী আকবরের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পরিবারের স্বজনরা জানান, প্রতিদিনের মতো ভবানীপুর এলাকা থেকে বাউশিয়ার আনোয়ার সিমেন্ট শিট কোম্পানিতে কাজের উদ্দেশে গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয় নিহত জিসান। পরে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। রাতে নিকট আত্মীয় স্বজনদের বাসায় খোঁজখবর নেয়া হয়। পরে শুক্রবার সকালে নিহতের নিজ কর্মস্থল বাউশিয়া এলাকা থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে গিয়ে স্বজনরা নিহতের নিথর দেহ দেখতে পায়।
এ ঘটনায় বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রাশেদুল ইসলাম জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চর বাউশিয়া বড়কান্দী কুমিল্লামুখী সড়কের পাশে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের মাথায় ও পায়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে, মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।










