বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কৃষক চিত্তরঞ্জন সরকার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

চিত্তরঞ্জনের ছোট ভাই সুভাষ সরকার অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে গত ৯ ডিসেম্বর তার ভাইকে একই গ্রামের ব্রজেন্দ্রনাথ সরকার ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিত্তরঞ্জনের বড় ভাই সত্যরঞ্জন সরকার জানান, মৃত্যুর বিষয়টি রাতেই থানা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, চিত্তরঞ্জনের মৃত্যুর বিষয়টি তার স্বজনরা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেননি। মামলা দায়েরের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।