মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ বলছেন, প্রশিক্ষণ গ্রহণ করে তৃণমূল নারীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন। স্বাবলম্বী হতে নারীর ভাগ্য আপন হাতে গড়তে হবে।

শনিবার (২৫ অক্টোবর) সিলেটের শাহজালাল উপশহর এলাকায় ‘‌তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম ও বিক্রয়কেন্দ্রে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক নারী আছেন যারা প্রশিক্ষণ কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে এখন অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। কাজেই প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে হবে না, বরং প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। এতে নারীরা সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে পারবে।

এ সময় তিনি প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের কার্যক্রমের প্রশংসা করেন। এ ছাড়া বিক্রয়কেন্দ্রগুলোতে তিনি নারী উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) প্রভাষ চন্দ্র রায়, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, প্রকল্পের সহপরিচালক মো. আব্দুর রাজ্জাক ও জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।