রাঙ্গামাটির বরকল উপজেলায় ২০০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবোচরে ধাক্কা লেগে আংশিক ডুবে গেছে।সোমবার (১০ মার্চ) বিকেলে বরকল উপজেলার মাইসছড়ি চ্যানেলে এ ঘটনা ঘটেছে।

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিফাত আসমা বলেন, রাঙ্গামাটি শহর থেকে বরকলগামী একটি যাত্রীবাহী লঞ্চ আনুমানিক বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে বরকল উপজেলার মাইসছড়ি নামক চ্যানেলে ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায়। লঞ্চটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন।

ইউএনও আরো বলেন, লঞ্চ ডুবির ঘটনার পর বরকল ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা স্পিডবোট ও ফাইবার বোট দিয়ে গিয়ে যাত্রীদের উদ্ধার করেছেন। এ ঘটনা এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার রাঙ্গামাটি জোনের চেয়ারম্যান মো. মঈনুদ্দিন সেলিম বলেন, এমএম তানিয়া-২ নামে যাত্রীবাহী লঞ্চটি রাঙ্গামাটি থেকে ২টায় ছেড়ে গিয়ে বরকল উপজেলায় কাছাকাছি একটি স্থানে ডুবে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। আমরা মালিক পক্ষকে এ ব্যাপারে বারবার সতর্ক করেছি।