আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গতকাল হাসপাতালে তাকে দেখতে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে এ তথ্য জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান গতকাল দেশটিতে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।’
প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।
এদিকে হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল আসামি ফয়সল করিম মাসুদের মা-বাবাকে গ্রেফতার করার কথা জানিয়েছে র্যাব। মঙ্গলবার রাত দেড়টার দিকে বাহিনীটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ে বিশেষ অভিযান চালিয়ে ফয়সলের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) গ্রেফতার করা হয়েছে।










