বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা ২০২৩ অনুযায়ী প্রফেসর ড. মাহবুব উল্লাহকে আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসাবে বিবেচিত হবেন না। তিনি গবেষণা সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দমত ক্ষেত্রে গবেষণামূলক কাজ করবেন এবং তার গবেষণা কাজের ক্ষেত্র শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে অবহিত করবেন। এছাড়া, তিনি কাজের অগ্রগতির প্রতিবেদনও জমা দেবেন।
এর পাশপাশি, সংশ্লিষ্ট সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে তার কাজের অগ্রগতি সর্ম্পকে অবহিত রাখবেন এবং গবেষনার তথ্য-উপাত্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রেরণ করবে।
প্রজ্ঞাপনে আরো জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং জাতীয় অধ্যাপক পদে থাকাকালীন তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধা পাবেন। এছাড়া, এ পদে থাকাকালীন সময়ে তিনি অন্য কোন চাকরি করতে পারবেন না।










