বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক।
মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ১৯৯৫ সালে রাজশাহীর বিআইটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর ২০০৫ সালে রুয়েট থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। ২০০৭ সালে জাপানের ওকিনাওয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পর ২০১০ সালে সেখানে পিএইচডি সম্পন্ন করেন। ২০১০ থেকে ২০১১ সালে জাপানের রাইইউকুস ইউনিভার্সিটি থেকে ট্রিপল-ই বিষয়ের ওপর পুণরায় পিএইচডি ও ফেলোশিপ অর্জন করেন৷ তিনি ১৯৯৯ সালে তিনি রুয়েটে লেকচারার হিসেবে শিক্ষকতা শুরু করেন।
জাপানসহ তিনি যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফেলোশিপসহ বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের আইট্রিপলের জ্যেষ্ঠ সদস্য, বাংলাদেশের ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স ও আইএইএনজির সদস্য।










