পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা সেনাবাহিনী প্রধানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

আজ সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত সাক্ষাতে কমিশনের সদস্যরা বিশেষত তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তদন্ত কমিশনের অন্যান্য সদস্য- মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান বীর প্রতীক, যুগ্ম সচিব (অব.) মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ডিআইজি (অব.) ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন উপস্থিত ছিলেন।