কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দাঁতভাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় দুই বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার গভীর রাতে উপজেলার দাঁতভাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এ সময় ভারত থেকে আনা একটি গরু জব্দ করা হয়।
জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, কয়েকজন বাংলাদেশী গরু চোরাকারবারি রৌমারীর দাঁতভাঙ্গা বিওপির অধীনস্থ সীমান্তপথে বাঁশের আড়কি ও হাঁসুয়া দিয়ে গরু পাচার করছিল। এ সময় বিজিবি ৩৫ ব্যাটালিয়নের সুবেদার জয়েন উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই স্থানে অভিযান চালিয়ে গরু পাচারকালে আব্দুল হাই সবুজ ও মোখছেদুল হাসান নামে দুই বাংলাদেশীকে আটক করে। এ সময় ভারত থেকে আনা গরুও জব্দ করে বিজিবি।
তিনি জানান, মো. আব্দুল হাই সবুজ দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত তফের আলীর ছেলে
ও মো. মোখছেদুল হাসান একই ইউনিয়নের কাউনিয়ারচর গ্রামের আজিউর রহমানের ছেলে। পরে তাদের রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।









