পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, শারদীয় দুর্গা উৎসব নিয়ে কোনো অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। সারা দেশে ৩২ হাজার পূজামণ্ডপে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় শারদীয় দূর্গা উৎসব উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজা পরিদর্শন শেষে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, এর আগে গুটিকয়েক জায়গায় ছোটখাটো ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী পূজার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি ময়নুল ইসলাম বলেন, যেকোনো অপতৎপরতা রুখে দিতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, নারায়ণগঞ্জে তথাকথিত গডফাদারসহ অনেকে অপতৎপরতা চালিয়ে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই সব গডফাদার সন্ত্রাসীরা আজ আর নারায়ণগঞ্জে নেই। আমরা সেই সব গডফাদারদের স্মরণ করিয়ে বলতে চাই যারা সন্ত্রাসী কার্যকলাপ চালাবে, সন্ত্রাস চাঁদাবাজি নৈরাজ্য ও অপকর্মের সঙ্গে জড়িতদের লালন পালন করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না।
নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার তদন্ত সম্পর্কে আইজিপি বলেন, ত্বকী হত্যার তদন্ত কার্যক্রম দীর্ঘদিন বন্ধ রাখার চেষ্টা করা হয়েছে। তদন্ত কার্যক্রম এগোতে দেয়নি। আমরা সে তদন্ত কার্যক্রম শুরু করেছি। আমাদের প্রিয় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত পুরোদমে শুরু হয়েছে।
তিনি সাইবার ওয়ার্ল্ডে গুজব, অপতৎপরতা ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা প্রতিহত করার চেষ্টা করব। আর যদি ঘটে যায় দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে বলে আইজিপি জানান।
এ সময় তার সঙ্গে নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতা প্রবীর কুমার বিশ্বাস, তারাপদ আচার্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরে তিনি নারায়ণগঞ্জের আরো কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।










