পুনর্বাসন না করে বস্তি উচ্ছেদ না করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও মিছিল করেছে বস্তিবাসী। গতকাল দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের অধিগ্রহণকৃত জমিতে অবস্থিত শহরের ছয়ানী পাড়া, ডাকবাংলা পাড়া ও পাওয়ার হাউজ পাড়ার বস্তিবাসী অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর হামিদুজ্জামান হারুন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, শ্রমিক নেতা হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ৩ জানুয়ারি কুড়িগ্রাম উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় গণপূর্ত বিভাগ-১-এর ২ নং স্মারক মূলে প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিতে আমাদের নির্মিত শেষ আশ্রয়স্থলটুকু ভাঙার নির্দেশ প্রদান করা হয়েছে। কিন্তু আমরা এতটাই হতদরিদ্র যে আমাদের শেষ আশ্রয়স্থল এ জায়গাটুকুই। আমাদের ওই জায়গা থেকে সরিয়ে দিলে পরিবার-পরিজন নিয়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

তারা বলেন, মুজিব বর্ষে যেখানে গৃহহীনদের ঘর করে দেয়া হচ্ছে, সেখানে আমাদের ছয়ানী পাড়ার ১২০টি পরিবার, ডাকবাংলা পাড়ার ২৪৫টি পরিবার ও পাওয়ার হাউজ পাড়ার ২৫৫টি পরিবারের শেষ আশ্রয়স্থলটুকু ভাঙার নির্দেশ দেয়া হয়েছে। বস্তি ভাঙার আগে আমরা পুনর্বাসনের দাবি জানাচ্ছি।