মৌসুমী বায়ুর প্রভাবে হঠাৎ উত্তাল হয়ে উঠেছে সমুদ্র উপকূলের নদনদী সমূহ। সমুদ্রের প্রভাবে নদনদী উত্তাল থাকায় রোববার ( ১৭ আগস্ট) জেলার ২০ রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটি এ। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর ট্রাফিক ইনচার্জ মো. পারভেজ। লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে।

অভ্যন্তরীণ বন্ধ নৌরুটগুলো হচ্ছে- ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, ইলিশা-মেহেন্দিগঞ্জ, ভোলা-বাউফল, লালমোহন-নাজিরপুর, দৌলতখান-আলেকঝান্ডার, তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-হাতিয়া, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন-ঢাকা, মনপুরা-ঢাকা, চরফ্যাশনের ঘোষের হাট-ঢাকা, বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন-ঢাকা, ভোলার ভেদুরিয়াঘাট-বরিশালের লাহারহাট, চরফ্যাশনের কচ্ছপিয়া-ঢালচর, চরফ্যাশনের কচ্ছিয়া-কুকরী-মুকরী, চরফ্যাশনের কচ্ছিয়া-চর পাতিলা, চরফ্যাশনের আবুবকরপুর- দশমিনা, ভোলা সদরের তুলাতুলি- মাঝের চর, ভোলা সদরের ইলিশা-রামদাসপুর এবং ভোলা সদরের নাছির মাঝি-দৌলতখানের চর মদনপুর ইউনিয়ন।

ভোলার মেসার্স ব্রাদার্স নেভিগেশন কোম্পানির ম্যানেজার মো. আলাউদ্দিন জানান, নদী উত্তাল থাকায় ডেঞ্জার জোনে তাদের কর্ণফুলী সিরিজের লঞ্চগুলো হাতিয়া, মনপুরা, চরফ্যাশন ও হাকিমুদ্দিন ঘাট থেকে ঢাকা রুটে চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র ভোলা বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, নৌযান চলতে হলে নদীপথ স্বাভাবিক হতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটতে কোনোপ্রকার লঞ্চ চলাচল করতে দেয়া হবে না বলেও জানান এ কর্মকর্তা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রোববার জেলায় ৩ নম্বর নৌ সতর্ক সংকেত জারি রয়েছে। আগামীকাল সোমবার পর্যন্ত একটানা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এদিকে, মৌসুমী বায়ুর প্রভাবে অতি জোয়ারের ফলে জেলার মনপুরার কলাতলী, সাকুচিয়া, রামনেওয়াজ, চরফ্যাসনের ঢালচর, কুকুরী-মুকুরী, চরপাতিলা ও লালমোহন উপজেলার চর কচুয়া ও বিচ্ছিন্ন কয়েকটি নিম্নাঞ্চলের লোকালয় ডুবে গেছে। প্রবল স্রোতের তোড়ে ভেঙ্গে যাচ্ছে, মাঝের চর, রামদাসপুর, রামদেবপুর, বড়াইপুর ও চর কাচিয়ার বিস্তীর্ণ জনপদ। ভোলায় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।