টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারুন মিয়া (৪৫) নামের এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৮ অক্টোবর) বিকাল আনুমানিক ৪ টার দিকে উপজেলার বড়চওনা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত হারুন উপজেলার কুতুবপুর বিন্নরীপাড়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। তার ৩০ দিন বয়সী ছেলে সন্তান রয়েছে।
কাঠমিস্ত্রী হারুনের সহযোগী রাসেল মিয়া বলেন , হারুন ভাইসহ আমরা ৩ জন বড়চওনা বাজারে একটি ঘরের চালে কাজ করছিলাম। এ সময় হঠাৎ কিছু বুঝে উঠার আগেই হারুন ভাই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজনের সহায়তায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রমিতা জানান, হাসপাতালে আনার আগেই হারুনের মৃত্যু হয়েছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










