বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মধ্যে ‘রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলন কক্ষে গতকাল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিআইডিএস মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক ও বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। অনুষ্ঠানে বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তীসহ এর অন্যান্য পরিচালক এবং বিআইডিএসের গবেষণা পরিচালকরাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের মূল লক্ষ উভয় পক্ষ মিলে কোয়ার্টারলি স্টেট অব ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, রিসার্চ অন ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং পলিসি পলিসি অ্যাডভোকেসি নিয়ে কাজ করা।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিসিআই সভাপতি বলেন, ‘ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বিদেশী বিনিয়োগ আকর্ষণের জন্য স্টেট অব ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি (এসওএল) অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সম্পর্কে রিয়েল টাইম ডেটা-সংশ্লিষ্ট শিল্প মালিকসহ সব স্টেকহোল্ডারের জানা দরকার। একটি শক্তিশালী গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বিআইডিএস এ কাজ সুন্দরভাবে করতে পারবে এবং এর মাধ্যমে শিল্প মালিক, নীতিনির্ধারক, বিনিয়োগকারী, সরকার সবাই উপকৃত হবে।’ তিনি বিআইডিএসের মহাপরিচালকসহ অন্যদের ধন্যবাদ জানান।

বিআইডিএস মহাপরিচালক বলেন, ‘বিআইডিএস সরকারের একটি গবেষণা উইং এবং স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান, আমরা দেশের শিল্প নিয়ে গবেষণার জন্য বেসরকারি খাতের সঙ্গে মিলে কাজ করতে ইচ্ছুক, সেক্ষেত্রে গবেষণা কর্মে বিসিআইকে সহযোগী হিসেবে পেয়ে অনেক আনন্দিত। আমরা বিশ্বাস করি, এ সমঝোতা স্মারকের মাধ্যমে শিল্প খাতের প্রকৃত সমস্যাগুলো গবেষণার মাধ্যমে চিহ্নিত করে শিল্পের জন্য নীতি প্রণয়নে কার্যকর ও বাস্তবধর্মী গবেষণার সুযোগ তৈরি হবে।’