৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এ দিবসের আগেই জাতিসংঘের গুমবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করতে যাচ্ছে বাংলাদেশ। গুম নিয়ে একটি কমিশন করারও চিন্তা রয়েছে অন্তর্বর্তী সরকারের। গতকাল ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারের সময় অনেক মানুষ গুম হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের হিসাবমতে এ সংখ্যা ৭০০-এর বেশি। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে অনেক কথা হয়েছে। এ বিষয়ে ইন্টারন্যাশনাল যে কনভেনশন (২০১০ সালে কার্যকর) আছে, সেটাতে আগের সরকার সই করেনি। আমরা এটাতে সই করব। হয়তো ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই এটা সই হবে।’