খারিজ্জমা থেকে চিকনিকান্দি বাজার পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার বিস্তৃত নদটি স্থানীয়দের কাছে কুমারখালী বা চিকনিকান্দি নামেও পরিচিত। ভাটিতে অবস্থানের কারণে এক-দেড় দশক আগেও নদটি ছিল বেশ প্রশস্ত ও খরস্রোতা। কিন্তু গত কয়েক বছরে দখল, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও পলি পড়ে অগভীর হয়ে পড়ছে নদটি। এক সময়ের খরস্রোতা এ নদ এখন অস্তিত্ব হারাতে বসেছে। নদে পানি না থাকায় দুই তীরে বসবাস করা মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
নদের তীরের বাসিন্দারা জানান, একসময় নদে পাশাপাশি ছোট-বড় লঞ্চ চলাচল করত। ইঞ্জিনবিহীন নৌকায় পাল তুলে দিনভর মানুষ যাতায়াত করত। উলানিয়া থেকে পটুয়াখালী পর্যন্ত নৌপথে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এ নদ। দুই তীরে গড়ে ওঠা গ্রামগুলোর মানুষের জীবন-জীবিকা, কৃষিকাজ ও দৈনন্দিন প্রয়োজনীয় পানির প্রধান উৎস ছিল কমলাকান্ত নদ। দুই তীরে বসবাস করা ষাটোর্ধ্ব মানুষের কৈশোরের সঙ্গে জড়িয়ে থাকা নদটি এখন তাদের কাছে শুধুই স্বপ্নের মতো।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১১ কিলোমিটার দীর্ঘ নদটি কলাগাছিয়া ও চিকনিকান্দি ইউনিয়নের অন্তত নয়টি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদের দুই পাশে কলাগাছিয়া, খারিজ্জমা, কল্যাণকলস, কুমারখালী, কালারাজা, পানখালি, কচুয়া, মাঝগ্রাম ও চিকনিকান্দি গ্রামের অন্তত ৫০ হাজারের বেশি মানুষের বসবাস। একসময় নদে জোয়ার-ভাটা হতো। নদের বিভিন্ন স্থানে দুই পাশে প্রায় ১০টি উপশাখা বা খাল ছিল, যেগুলো দিয়ে কৃষিজমিতে পানি প্রবাহিত হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওইসব শাখা খাল বাঁধ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এসব শাখা খালের ভেতরে কিছুদূর পরপর বাঁধ দিয়ে প্রভাবশালীরা মাছ চাষ করছেন। ফলে কৃষক খরা মৌসুমে প্রয়োজনের সময় জমিতে সেচের পানি দিতে পারছেন না। প্রায় ৩০ বছর আগে থেকে নদের স্রোত ধীরে ধীরে কমতে শুরু করে। প্রায় ২০ বছর আগে নদটি কার্যত মরা খালে পরিণত হয়। এর পর থেকেই নদের দুই পাশের আবাদি জমিতে পানির সংকট দেখা দেয়। ফলে ফসল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। অনেক কৃষক পরিবার বাধ্য হয়ে বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করে।
স্থানীয় বাসিন্দা মালেক শিকদার বলেন, ‘ছোটবেলায় আমরা দেখেছি এটা বিশাল নদ ছিল। এখন খালের মতো হয়ে গেছে। আশপাশে বাঁধ দিয়ে কেউ কেউ পুকুর বানিয়ে মাছ চাষ করছে। ছোটবেলায় দেখেছি এখানে বড় বড় লঞ্চ চলত। আমরা এ লঞ্চে যাতায়াত করতাম।’
বৃদ্ধ আব্দুর রাজ্জাক বলেন, ‘এ নদে উলানিয়া থেকে পটুয়াখালী লঞ্চ চলাচল করত। ওই লঞ্চে আমরা যাতায়াত করতাম। এখন লঞ্চ চলবে কীভাবে, নদই নেই। সব ভরাট হয়ে গেছে। চাষাবাদের পানিও পাই না। গরুর গোসল করানোর মতো পানিও নেই।’
সরজমিনে দেখা গেছে, খারিজ্জমা থেকে চিকনিকান্দি পর্যন্ত পুরো ১১ কিলোমিটার এলাকাজুড়ে নদটির অবস্থা করুণ। নদের মাঝখানে গাছপালা জন্মেছে। কোথাও কোথাও নিচু জায়গায় সামান্য পানি জমে আছে। নদের পাড় ভরাট হয়ে যাওয়ায় অনেকেই চর দখল করে সেখানে গাছ রোপণ করেছেন। কেউ কেউ ফসল চাষ করছেন। আবার কোথাও ঘরবাড়িও নির্মাণ করা হয়েছে।
নদ-তীরবর্তী এলাকায় রয়েছে ছয়টি বাজার। এর মধ্যে নদের তীর দখল করে অর্ধশত পাকা দোকান নির্মাণ করা হয়েছে। কয়েকটি স্থানে পারাপারের জন্য স্থানীয় উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করা হয়েছে। আবার কিছু স্থানে স্থানীয়রা নিজেদের অর্থায়নে আধাপাকা সেতুও তৈরি করেছেন।
কলাগাছিয়া ইউনিয়নের বাসিন্দা ও কৃষক নেপাল রাঢ়ী বলেন, ‘আমি মূলত তরমুজ ও ধান চাষ করি। তবে পানের বরজও আছে আমার। পানির অভাবে আমরা খুবই কষ্টে আছি। সরকার যদি নদ খনন করে, তাহলে আমাদের পানির কষ্ট দূর হয়ে যেত।’
স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন কবির বলেন, ‘১১ কিলোমিটার নদের মাঝখানে তিনটি স্লুইসগেট রয়েছে। তবে তিনটিই সারা বছর বন্ধ থাকে। তাই এখানে পানি আসা যাওয়া করে না। ২০২৩ সালে জেলা প্রশাসক বরাবর নদ খননের বিষয়ে আবেদন করেছিলাম। কিন্তু খনন নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই। সে আবেদন এখনো আমার কাছে আছে। নদটি পুনঃখনন করলে স্লুইসগেট খোলা রেখে পানি চলাচলের ব্যবস্থা করা যাবে। কিছু মানুষ নদের মাঝে বাঁধ দিয়ে পুকুর তৈরি করে মাছ চাষ করছে।’
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে দেশের সব নদী-নালা খাল-বিল খনন করার জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। গলাচিপা উপজেলায় আমরা শতাধিক খালের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করেছি। কমলাকান্ত নদের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।’










