র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, একটি কুচক্রী মহল সামান্য একটি ঘটনাকে ইস্যু করে গুজব ছড়িয়ে এর আগেও নাশকতা করেছে। এবার যাতে তারা কোনোভাবেই কোনো প্রকার নাশকতা করতে না পারে এজন্য আমরা প্রথম থেকেই প্রস্তুত আছি। আমাদের সাইবার টিম ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দাদের সাইবার টিম কাজ করছে। যাতে করে তারা সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে গুজব ছড়িয়ে কোনো প্রকার নাশকতা করতে না পারে।
আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ ও আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব- ১১ এর অধিনায়ক (সিইও) তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রবীর সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।
র্যাবের ডিজি বলেন, আমাদের একটি অসাম্প্রদায়িক চরিত্র বা ঐতিহ্য আছে। ঐতিহ্য যেন সবসময় ঠিক থাকে। আমরা যাতে অনাগত দিনগুলোতেও সব সম্প্রদায়ের মানুষ মিলে সামাজিক, ধর্মীয় মূলনীতির আচার-অনুষ্ঠানগুলো সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারি এ প্রত্যাশা করি।
তিনি বলেন, এবারের পূজাতে আমরা কিন্তু সার্বক্ষণিক আপনাদের পাশে রয়েছি। র্যাবের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীও এবার মাঠে আছে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানটি আরো উৎসবমুখর ও সুন্দর হবে। পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, পূজার মহালয়া থেকে শুরু করে এ পর্যন্ত দু্ই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত মাঠে আছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ সময়টা সুন্দরভাবে সমাপ্ত করতে পারব। যারা কুচক্রী মহল আছে তারা কোনোভাবেই আমাদের সঙ্গে পেরে উঠবে না। তাদের যে হীন প্রচেষ্টা সেটাকে ব্যর্থ করে দিয়ে আমরা যারা শুভবুদ্ধির মানুষ, আমরা যারা ভালো মনের মানুষ, আমরা যারা সমাজের মঙ্গল চাই তাদেরই বিজয় হবে।










