রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল (৫০) গ্রেফতার হয়েছেন। শুক্রবার বিকালে নগরীর তেরখাদিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার এমাজ উদ্দিন মণ্ডল তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মণ্ডলের ছেলে।  

পুলিশের ভাষ্য, এমাজ উদ্দিন মণ্ডল পবা থানার নাশকতা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে ৩৫টি মামলা আদালতে বিচারাধীন। সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে এসব মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানায় পাঁচটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, শুক্রবার বিকাল থেকে গতকাল সকাল সোয়া ১০টা পর্যন্ত নগরজুড়ে বিশেষ অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম।