চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) থানাসহ বিভিন্ন পর্যায়ে রদবদল করা হয়েছে। এতে থানার ওসিসহ সাতজন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) পুলিশ কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পরিবর্তন আনা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, পাঁচলাইশ থানার ওসি মো. আব্দুল করিমকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করে বিশেষ শাখায় পাঠানো হয়েছে।

খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে পাঁচলাইশ থানার দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ লাইন্স থেকে মো. আরিফুর রহমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে মহানগর গোয়েন্দা বিভাগেও পরিবর্তন আনা হয়েছে। পুলিশ লাইন্স থেকে মোহাম্মদ জামির হোসেন জিয়াকে গোয়েন্দা উত্তর বিভাগে এবং জসিম উদ্দিনকে গোয়েন্দা দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া শহর ও যানবাহন পুলিশের পরিদর্শক সাইফুর রহমানকে সিটি গেট ট্রাফিক বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে।