দীর্ঘ সাত মাস পর ময়নাতদন্তের প্রয়োজনে জুলাই ছাত্র আন্দোলনে শহীদ আলামিনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন তিনি।

সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের মরদেহ তোলা হয়।

পরিবার সূত্রে জনা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আলামিন। পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরবর্তী সময়ে ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই গ্রামের বাড়িতে শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

ছবি-(শহীদ আলামিন) মুন্সিগঞ্জ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন আলামিন। ছবি- সংগৃহীত

ঘটনার চার মাস পর ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য কবর থেকে ৭ মাস পর তোলা হয়েছে শহীদ আলামিনের মরদেহ। মরদেহ উত্তোলনের করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ সময় কবরস্থানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ ইব্রাহীম।