ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে।’
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের মধ্যে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই-আগস্টের শহীদদের লাশ কেন কবর থেকে তুলতে হবে? আর কোনো শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না।’ তিনি বলেন, ‘শহীদদের হত্যা মামলাগুলোতে বিচারকার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে।’
সারজিস আলম বলেন, ‘গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন করে পোস্টিং তদবির চলছে। মামলা বাণিজ্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছে। গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে কাউকেই ছাড়া দেয়া হবে না, ইভেন প্রফেসর ড. ইউনুসও যদি হয় তাকেও আমরা ছেড়ে কথা বলবো না।
এর আগে তিনি শহীদ পরিবারে সাথে সাক্ষাৎ করেন। তাদের কাছে গিয়ে কথা বলেন সারজিস আলম। পরে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
জানা গেছে, রাজশাহী বিভাগের ৬৩ টি শহীদ পরিবারের মধ্যে ৪৬ টি পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে । প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা ও রাজশাহী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ৪৬ টি শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।










