বাণিজ্যিক লক্ষ্য অর্জনে কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশের জনগণের সেবা করার জন্য আমাদের দায়িত্ব দেয়া হয়েছে। আর বর্তমানে হাতে অনেক কাজ জমে আছে। তাই সময় অপচয় করার সুযোগ নেই।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান মন্ত্রিসভার আকার ছোট হওয়ায় সরকারের প্রধান লক্ষ্য হবে দক্ষতা বাড়ানো। সরকারের পক্ষ থেকে আকার বড় না করে কর্মদক্ষতা বাড়ানোর মাধ্যমে কাজ সম্পন্ন করার প্রচেষ্টা থাকবে।
বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব সবার পরিবারেই পড়ে। তাই সাধারণ মানুষের স্বার্থে বাজার স্থিতিশীল রাখা এবং মন্ত্রণালয়ের প্রতিটি কাজে সংবেদনশীল হওয়া প্রয়োজন।
মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, কেবল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নয়, বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম অনেক বিস্তৃত। আগামী দিনে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ পেছানো হবে প্রধান অগ্রাধিকার। এছাড়া বিনিয়োগের মাধ্যমে বেকারত্ব দূর করা এবং রফতানি বাজার বড় করার ওপর গুরুত্ব দেয়া হবে। তিনি এ বিষয়গুলোকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত বলে অভিহিত করেন।
সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। জনগণের ভাগ্যোন্নয়নে কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ বিভিন্ন দফতরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










