ঢাকায় চলাচলকারী মোটরযানে উচ্চমাত্রার হর্ন বাজানো ও গ্লাসে কালো পেপার ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার (২২ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর অনেক চালক অপ্রয়োজনীয়ভাবে বা অননুমোদিত উচ্চমাত্রার হর্ন ব্যবহার করেন। এতে পথচারী, যাত্রী ও বিশেষত অসুস্থ ব্যক্তিদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এ সমস্যা এড়াতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৪৫ অনুসারে, অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রার হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিশেষ নির্দেশনায় বলা হয়, স্কুল, কলেজ, হাসপাতাল ও বিমানবন্দর এলাকা সংলগ্ন এলাকায় কোনো ধরনের হর্ন বাজানো যাবে না। একইভাবে, জরুরি পরিষেবার যানবাহনগুলোকে শুধুমাত্র জরুরি প্রয়োজনে হর্ন বা হুটার ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অনেক যানবাহনের গ্লাসে কালো পেপার লাগানো থাকে যা আইনত নিষিদ্ধ। সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৪০ অনুযায়ী, কালো পেপার লাগানো থেকে বিরত থাকতে এবং গাড়িতে থাকলে তা খুলে ফেলার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে পথচারীদের রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। যত্রতত্র রাস্তা পারাপারের কারণে দুর্ঘটনা, যান চলাচলে বিঘ্ন ও যানজট তৈরি হয় বলে উল্লেখ করা হয়।

ডিএমপি জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।