নেত্রকোনায় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে দিনব্যাপী জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মনিটরিং করছে জেলা প্রশাসন। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলার সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

এর অংশ হিসেবে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে মেসার্স জহিরুল চৌধুরীর লাইসেন্সবিহীন দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন। পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৬(ক) লঙ্ঘনের অপরাধে ২০(১) ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং মজুদ করা ডিজেল জব্দ করে স্থানীয় দুজন ইউপি মেম্বারের জিম্মায় সর্বসাধারণের কাছে সরকার-নির্ধারিত দামে বিক্রয়ের জন্য জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

জেলা প্রশাসন নেত্রকোনার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান।