বগুড়ার বহুল আলোচিত প্রতিবাদী যুবক হুমায়ুন আহমেদ রুমেল অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া শহরের নাটাই পূর্বপাড়া এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ভেনু বাতিল হলে তা ফিরিয়ে আনতে দুই দফা অনশন করে আলোচিত হন বীর মুক্তিযোদ্ধার সন্তান রুমেল। 

পরিবার জানায়, বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায় মায়ের সঙ্গে থাকতেন রুমেল। গত বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন এবং বাড়িতেই মারা যান। তার বাবার নাম প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন। 

চ্যানেল বগুড়া নামে একটি ফেসবুক পেজে রুমেল বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপলোড করতেন। গত ১৮ এপ্রিল রাত সোয়া ১২টার দিকেও তিনি তার ফেসবুকে লিখেন, ‘বগুড়ার বিমানবন্দর চালুর দাবিতে সিসি ক্যামেরার সামনে আমরণ অনশন করার প্রস্তুতি নিচ্ছি। ঈদ পার হলেই শুরু হবে আন্দোলন।’

রুমেলের বন্ধু রাসেল ইসলাম বলেন, ‘রুমেলের সঙ্গে বুধবার দুপুর ১২টার দিকে কথা বলি। সে মানসিকভাবে অনেক চিন্তিত ছিল। বগুড়া স্টেডিয়াম ফিরিয়ে আনতে সে অনশন করেছিল। কিন্তু তাকে কেউ মূল্যায়ন করেনি। তবু সে বগুড়াবাসীর জন্য ঈদের পর আবারো বিমানবন্দরের জন্য অনশনে বসতে চেয়েছিল।’ 

রুমেলের প্রতিবেশী রকি হোসেন বলেন, ‘হঠাৎ করেই ভোরে রুমেল ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে যাই। চিকিৎসার জন্য গাড়ি ভাড়া করতে বাইরে গিয়েছিলাম। কিন্তু এসে দেখি রুমেল ভাই আর নেই।’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শরাফত ইসলাম জানান, ‘আলোচিত রুমেলের মারা যাওয়ার বিষয়ে আমাদের কেউ কিছু জানাননি। তবে খোঁজখবর নেয়া হয়েছে।  ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হয়েছে।’