পাটকাল শ্রমিকদের মজুরি কমিশনসহ বিভিন্ন দাবিতে টানা চার দিন আমরণ অনশনের পর সরকারের আশ্বাসে কাজে যোগ দিয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। আজ শনিবার বেলা ২টায় সর্বশেষ যোগদান করে ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা।

পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ হোসেন বলেন, সরকারের আশ্বাসে রাতে অনশন স্থগিতের পর শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করে। দুপুর ২টায় ক্রিসেন্ট মিলের শ্রমিকরা কাজ যোগ দেবে। প্লাটিনাম জুট মিলের সাবেক সভাপতি খলিলুর রহমান বলেন, তার মিলের শ্রমিকরা সকালে যোগদান করে এবং উৎপাদন শুরু করে।

ক্রিসেট জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন জানান, তার মিলের শ্রমিকরা বেলা ২টা থেকে কাজে যোগদান করেন। প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মোঃ গোলাম রব্বানি জানান, তার মিলে সকাল ৬টা থেকেই শ্রমিকরা কাজে যোগদান করেন। এখন মিল এলাকা স্বাভাবিক রয়েছে।
 
উল্লেখ্য, গত ১৭ নভম্বর ১১ দফা দাবিতে ৬ দিনর কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। গত ২৫ নভেম্বর থেকে কর্মসূচি শুরু হয়। আর ১০ ডিসেম্বর শুরু হয় আমরণ অনশন। অনশনের চতুর্থ দিন শুক্রবার মিল এলাকায় ছিল উত্তাপ আর তীব্র উত্তজনা। অনশনে অসুস্থ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত শ্রমিক আব্দুস সাত্তারের জানাজা শুক্রবার সকাল ১০টায় প্লাটিনাম জুট মিল গেটে বিআইডিসি সড়কে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পটুয়াখালী জেলার কলাপাড়ায় নিয়ে দাফন করা হয়। আমরন অনশনের চারদিনে ২শতাধিক  শ্রমিক অসুস্থ হন। শুক্রবার রাতে শ্রম প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের পর নেতারা শ্রমিকদের সাথে বৈঠক করেন এবং গভীর রাতে অনশন ৩দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন।