কুড়িগ্রামে এক কলেজশিক্ষককে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় ওই শিক্ষকের এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আহত শিক্ষকের নাম আতাউর রহমান মিন্টু।

গতকাল দুপুরে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিন্টু ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের ছেলে ও মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানায়, বেলা আনুমানিক ২টার দিকে মিন্টু এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় ধারালো অস্ত্রের কোপে তার এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়। ঘটনার পর তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী ও জেলা শহরের শহীদ মিনার এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয়রা।

রাজারহাট থানার ওসি রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মিন্টুকে গুরুতর আহত অবস্থায় রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।