পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের বহন করা ট্রলার ডুবে ৪ ছাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার অতনু মিত্র। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার দেউলবাড়ি খালে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাষ কান্তি বিশ্বাস জানান, ওই দিন বিদ্যালয়ের ২৩ পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে রিজার্ভ করা একটি ট্রলারে করে তারা গাওখালী কেন্দ্রে যাচ্ছিলো। এ সময় গাওখালী বাজার সংলগ্ন কারিকর বাড়ির কাছে ওই খালে ডুবন্ত থাকা গত বুলবুলের আঘাতে উপড়ে পড়া একটি নারিকেল গাছের উপড়ে উঠে যায়। এতে ট্রলারটি উপুর হয়ে ডুবে যায়।
এসময় ট্রলারে থাকা পরীক্ষার্থীরা সাঁতরে উঠলেও ওই ট্রলারে থাকা সম্পা মালাকার, সুমা বেপারী, তমা রায়, মিতা নাগ নামের চার ছাত্রী গুরুতর আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. ফজলে বারী জানান, এ দুর্ঘটনায় খবর শুনে সেখানে সাতজনের একটি চিকিৎসকের টিম পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয়েছে।
এ ব্যাপারে গাওখালী পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও গাওখালী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাফর বাহাদুর এ দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, ওই ট্রলারে থাকা সকল পরীক্ষার্থীই ভিজে এবং কম-বেশী পানি খেয়ে আহত হয়েছে। তবে গুরুতর আহত চার ছাত্রীকে চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরো জানান, বরিশাল শিক্ষা বোর্ডের সাথে আলোচনা করে তাদের সাড়ে ১১টায় দিকে পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া হয়েছে। মানবিক বিষয় বিবেচনা করে শিক্ষা বোর্ডের নির্দেশে তাদের নষ্ট হওয়া দেড় ঘণ্টা সময় দেয়া হয়েছে।










