কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা কবির মিয়া বলেন, সকাল সাড়ে ১১টায় দুর্ঘটনার সংবাদ পেয়ে বাড়ি থেকে বের হয়ে দেখি, যাত্রীবাহী বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। অনেকে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। দুমড়েমুচড়ে যাওয়া যাত্রীবাহী বাসের নিহত তিন যাত্রীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।










